শিলাবৃষ্টিতে ভিজল কলকাতা ও জেলাসমূহ, বঙ্গে দুর্যোগের পূর্বাভাসে জারি হলুদ সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল গড়াতেই ঝমঝমিয়ে নামল শিলাবৃষ্টি। সকালের কড়া রোদ ও ভ্যাপসা গরম কাটিয়ে এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটাই নিচে নেমেছে। কলকাতা বিমানবন্দর এলাকা-সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরলেও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার, ২৭ মার্চ থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে।
উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৮ মার্চ পর্যন্ত আবহাওয়ার এই অস্থিরতা বজায় থাকবে বলে জানা গেছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকলেও বৃষ্টির ফলে রাতের দিকে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

