ভোটের আবহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশে তৎপর সংসদ, দ্রুত নম্বর জমা দেওয়ার নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতির মাঝেই উচ্চ মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশের লক্ষ্যে তৎপরতা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৮ মার্চ থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হতে চলায়, প্রধান পরীক্ষকদের দ্রুত উত্তরপত্রের নম্বর জমা দিতে বলা হয়েছে। ভোট প্রক্রিয়ায় শিক্ষকরা ব্যস্ত হয়ে পড়লে খাতা দেখার কাজে ব্যাঘাত ঘটতে পারে, এই আশঙ্কায় এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত নম্বর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংসদ।
এ বছর সেমিস্টার পদ্ধতি চালুর ফলে ফলাফল তৈরির প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা জটিল। চতুর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষা, তৃতীয় সেমিস্টারের ওএমআর ভিত্তিক নম্বর এবং প্র্যাকটিক্যালের নম্বর মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করতে হবে। সংসদ সূত্রে জানানো হয়েছে, অসুস্থতা বা অনিবার্য কারণ ছাড়া নম্বর জমায় কোনো দেরি বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ে তথ্য হাতে না এলে চূড়ান্ত ফল প্রকাশে সমস্যা হতে পারে।
অন্যদিকে, সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বার্ষিক পদ্ধতিতে একাদশ উত্তীর্ণ কিন্তু দ্বাদশের টেস্টে অনুত্তীর্ণ পড়ুয়ারা বিশেষ অনুমতি সাপেক্ষে সেমিস্টার পদ্ধতিতে যোগ দিতে পারবে। তবে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের ক্ষেত্রে ভোট কোনো বাধা হবে না বলে মধ্যশিক্ষা পর্ষদ আশ্বস্ত করেছে। পর্ষদের দাবি, ধাপে ধাপে নম্বর প্রসেসিং করার ফলে নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

