রেকর্ড মূল্যে বিক্রি হলো আরসিবি, পুরনো স্মৃতিচারণায় আবেগপ্রবণ বিজয় মালিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দল হিসেবে বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বাধীন আদিত্য বিড়লা গ্রুপ ও সহযোগী কনসোর্টিয়াম রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা লাভ করেছে। আগামী মরশুম থেকে বিরাট কোহলিরা এই নতুন মালিকানার অধীনেই মাঠে নামবেন।
বিরাট অঙ্কের এই চুক্তি সম্পন্ন হতেই সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন দলের প্রাক্তন মালিক বিজয় মালিয়া। তিনি জানান, ২০০৮ সালে যখন তিনি ৪৫০ কোটি টাকায় এই দল কিনেছিলেন, তখন অনেকেই তাকে ‘পাগল’ বলেছিল। মালিয়ার দাবি, মূলত ‘রয়্যাল চ্যালেঞ্জ’ ব্র্যান্ডটিকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতেই তিনি সেই সময় ওই ঝুঁকি নিয়েছিলেন। আজ রেকর্ড মূল্যে দল বিক্রি হওয়ায় নিজের সেই সিদ্ধান্তের সার্থকতা খুঁজে পাচ্ছেন তিনি।
বর্তমানে ঋণ খেলাপির দায়ে পলাতক মালিয়া আরও জানান, আরসিবি চিরকাল তার হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকবে। তরুণ বিরাট কোহলিকে দলে নেওয়া থেকে শুরু করে অসংখ্য অমলিন স্মৃতি জড়িয়ে আছে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। নতুন মালিকপক্ষকে অভিনন্দন জানানোর পাশাপাশি সমর্থকদের প্রতি আগের মতোই দলকে সমর্থন করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

