লেটেস্ট নিউজ

গ্যাস সংকট নিয়ে কেন্দ্রের সর্বদলীয় বৈঠক বয়কট তৃণমূলের, সংসদে আলোচনার দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্র আয়োজিত সর্বদলীয় বৈঠক বয়কট করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে সাগরিকা ঘোষ জানিয়েছেন, পর্দার আড়ালে নয়, বরং বর্তমান এলপিজি সংকট নিয়ে সংসদের অধিবেশনে পূর্ণাঙ্গ ও খোলামেলা আলোচনা চায় তারা। তৃণমূলের এই অনড় অবস্থানের কারণে বৈঠকে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অন্যদিকে, প্রায় পৌনে দুই ঘণ্টার এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী দিয়ে এলপিজি আমদানিতে বাধা এলেও আগামী চার-পাঁচ দিনের মধ্যে চারটি গ্যাসভর্তি জাহাজ ভারতীয় বন্দরে পৌঁছাবে। সরকার আশ্বস্ত করেছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অধিকাংশ বিরোধী দল এই সংকটকালে সরকারের পদক্ষেপকে সমর্থনের আশ্বাস দিয়েছে।

তবে আশ্বাসের সমান্তরালে এলপিজি ও পিএনজি সংযোগ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গল সিলিন্ডার ২৫ দিন এবং ডাবল সিলিন্ডার ৩৫ দিন অন্তর বুক করা যাবে। এছাড়া যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস (পিএনজি) নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে গ্রাহকরা সংযোগ না নিলে আগামী তিন মাসের মধ্যে তাদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের এই পদক্ষেপে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *