লেটেস্ট নিউজ

বন্দে ভারতের খাবারে জ্যান্ত পোকা: গাফিলতির দায়ে IRCTC-কে ১০ লক্ষ টাকা জরিমানা – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ১৫ মার্চ পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা পাওয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রীতেশ কুমার সিং নামে এক যাত্রী দইয়ের বাটিতে জ্যান্ত পোকা নড়াচড়া করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। উচ্চমূল্যের টিকিটের বিনিময়ে ট্রেনের এই নিম্নমানের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রেল মন্ত্রক দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রেনের খাবারের মান ও যাত্রী নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করে রেল কর্তৃপক্ষ পরিষেবার মানোন্নয়নে আপসহীন থাকার বার্তা দিয়েছে।

পাশাপাশি, সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা এবং তাদের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের পরিষেবা ও স্বাস্থ্যের বিষয়ে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *