সব রাজ্যে কি আবার লকডাউন? জ্বালানি সংকট নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম অস্থিরতার আবহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ মার্চ ভার্চুয়াল বৈঠকের এই খবরেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে সমাজমাধ্যমে ‘জ্বালানি লকডাউন’ নিয়ে সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে তীব্র আতঙ্ক।
জল্পনার নেপথ্যে আসল কারণ কী?
সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর একটি ভাষণকে কেন্দ্র করেই এই বিভ্রান্তির সূত্রপাত। অতিমারি পরিস্থিতির মতো সম্মিলিত লড়াইয়ের ডাক দিয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি রেশনিং বা গাড়ি চলাচলে নিয়ন্ত্রণের উদাহরণ টেনে ভারতেও বিধিনিষেধের আশঙ্কা ছড়ানো হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের কড়া বার্তা
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে ‘লকডাউন’ বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপের প্রশ্নই ওঠে না। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের জোগান সম্পূর্ণ স্বাভাবিক। মূলত তিনটি বিষয় খতিয়ে দেখতেই এই বৈঠক—
- আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
- সাপ্লাই চেইন বা পণ্য পরিবহণে সম্ভাব্য বাধা মোকাবিলা।
- বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা নির্বাচনী আচরণবিধির কারণে এই বৈঠকে থাকছেন না। আপাতত দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

