লেটেস্ট নিউজ

রাজ্যে আরও ৭ আসনে বাম প্রার্থী ঘোষণা, আইনি লড়াইয়ে সহায়তায় থাকছেন রেড ভলান্টিয়াররা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে জোটের জট বজায় রেখেই আরও সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। ঘোষিত সাতটি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। কেন্দ্রগুলি হলো— জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব, এগরা ও ময়ূরেশ্বর। উল্লেখ্য, এর আগে আইএসএফ-এর ঘোষিত তালিকার সঙ্গে রঘুনাথগঞ্জ ও নাকাশিপাড়া আসন দুটি নিয়ে সংঘাতের সম্ভাবনা থাকলেও, বাম নেতৃত্ব শীঘ্রই বাকি আসনগুলোতেও সমঝোতার ইঙ্গিত দিয়েছেন।

তৃতীয় দফার এই তালিকায় জঙ্গিপুরে অলোককুমার দাস, রঘুনাথগঞ্জে আবুল হাসনাত এবং নাকাশিপাড়ায় শুক্লা সাহাকে মনোনীত করা হয়েছে। এছাড়া রানাঘাট উত্তর-পশ্চিমে দেবাশিস চক্রবর্তী, রানাঘাট উত্তর-পূর্বে মৃণাল বিশ্বাস, এগরাতে সুব্রত পণ্ডা এবং ময়ূরেশ্বরে জয়ন্ত ভাল্লা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে আগামী সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালন করা হবে।

ভোটের লড়াইয়ের পাশাপাশি আইনি সহায়তার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে বামফ্রন্ট। নির্বাচনী প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ বা আইনি সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি জেলা ও বিধানসভায় বাম মনোভাবাপন্ন আইনজীবী ও রেড ভলান্টিয়ারদের প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষের বাড়তি খরচ বাঁচাতে শীঘ্রই নির্দিষ্ট ফোন নম্বর চালু করার ঘোষণাও করেছেন সেলিম। নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে দাবি বাম নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *