লেটেস্ট নিউজ

বিজেপিকে ‘বেলাইন’ করার হুংকার মমতার, পাণ্ডবেশ্বরে মোদি সরকারকে তীব্র আক্রমণ – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী প্রচারে নেমে ফের রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরের জনসভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তিনি দাবি করেন, নোট বাতিল থেকে শুরু করে রান্নার গ্যাসের সংকট—প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে। মমতার স্পষ্ট হুঁশিয়ারি, যে বিজেপি বাংলার মানুষকে বিভিন্ন ইস্যুতে বারবার লাইনে দাঁড় করিয়ে অধিকার কেড়ে নিয়েছে, ২০২৬-এর নির্বাচনে সাধারণ মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে রাজনৈতিকভাবে ‘বেলাইন’ করে দেবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নামে আসলে বাংলার মানুষের অস্তিত্ব সংকটে ফেলার চক্রান্ত চলছে। সেনসাসের নাম করে অর্ধেক ভোটারের নাম বাদ দেওয়ার ছক সাজানো হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতিতে গণতন্ত্র বাঁচাতে এবং নিজের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সাহস থাকলে অবিলম্বে বিচারাধীন ভোটারদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক।

গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় নীতির সমালোচনা করে মমতা বলেন, ৪০০ টাকার গ্যাস এখন হাজার টাকায় পৌঁছেছে। পাশাপাশি, পুনরায় লকডাউনের আশঙ্কা প্রকাশ করে তিনি কেন্দ্রকে আক্রমণ করেন। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের দলের পক্ষ থেকে নিখরচায় আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এবারের নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, বরং বাংলার মানুষের সম্মান ও অস্তিত্ব রক্ষার এক কঠিন সংগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *