লেটেস্ট নিউজ

সরকারি প্রকল্পের জোয়ারে বাংলায় ব্যাপক সাফল্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি আর্থিক প্রকল্প ও ভর্তুকির হাত ধরে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের (আইপিপিবি) গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজ্যে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ লক্ষে, যার মধ্যে গত এক বছরেই যুক্ত হয়েছেন ২ লক্ষ ৩০ হাজার নতুন গ্রাহক। লক্ষ্মীর ভান্ডার ও রান্নার গ্যাসের ভর্তুকির মতো সরকারি সুবিধা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াই এই জনপ্রিয়তার মূল কারণ বলে মনে করছেন ডাক বিভাগের কর্তারা।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগের হার আরও ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশজুড়ে এই পেমেন্টস ব্যাংকের গ্রাহক সংখ্যা ১৩ কোটির গণ্ডি ছাড়িয়েছে। চলতি মাসের শুরুতে সারা দেশে কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার কোটি টাকা, যা ব্যাংকিং পরিষেবায় এক বড় সাফল্য।

পশ্চিমবঙ্গেও আমানত সংগ্রহের চিত্রটি অত্যন্ত আশাব্যঞ্জক। আর্থিক বছরের শুরুতে রাজ্যে আমানতের পরিমাণ যেখানে ছিল প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা, বর্তমানে তা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ডাক বিভাগের কর্মকর্তাদের দাবি, সরকারি ভর্তুকি প্রদানের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠায় গ্রামীণ ও শহরতলি এলাকায় ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের ওপর সাধারণ মানুষের ভরসা ও সক্রিয়তা দুই-ই ক্রমাগত বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *