লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ: আকাশছোঁয়া কাঁচামালের দাম, দেশে তীব্র ওষুধ সংকটের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে ওষুধের বাজারে বড়সড় সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে আসা ওষুধের কাঁচামালের সরবরাহ শৃঙ্খল বিপর্যস্ত হওয়ায় গত ১৫ দিনে এগুলির দাম প্রায় ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমদানিকৃত উপাদানের ঘাটতি দেখা দেওয়ায় ইতিমধ্যেই উৎপাদক সংস্থাগুলি ওষুধের মূল্যবৃদ্ধির কড়া হুঁশিয়ারি দিয়েছে।

দেশের ২৫ শতাংশ ওষুধ উৎপাদনকারী কেন্দ্র হিমাচল প্রদেশের কারখানাগুলি এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। হিমাচল ড্রাগ ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের মতে, কাঁচামালের আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে এবং প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় উপাদানের দাম কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংগঠনটি কেন্দ্রের কাছে দ্রুত টাস্কফোর্স গঠন ও অত্যাবশ্যকীয় পণ্য আইন চালুর দাবি জানিয়েছে।

ওষুধের পাশাপাশি সিরিঞ্জ, গ্লাভস এবং ক্যাথিটারের মতো চিকিৎসা সরঞ্জামের উৎপাদনও ব্যাহত হচ্ছে। প্লাস্টিক ও প্রয়োজনীয় রাসায়নিকের অভাবে এগুলির দাম বাড়ার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে মজুত পণ্যে পরিষেবা চললেও যুদ্ধ দীর্ঘায়িত হলে রোগীদের চিকিৎসার খরচ বহুগুণ বেড়ে যাবে। সরবরাহ স্বাভাবিক না হলে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *