দেশে ২ মাসের জ্বালানি মজুত: এনার্জি লকডাউনের আশঙ্কা ওড়াল কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে জ্বালানি সংকট নিয়ে বড়সড় আশ্বাস দিল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। এক বিবৃতিতে সরকার জানিয়েছে, বর্তমানে দেশে অন্তত দুই মাস চলার মতো পর্যাপ্ত তেল ও জ্বালানি মজুত রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লোকসভায় ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রলিয়াম মজুতের কথা জানিয়েছিলেন। ফলে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারের অস্থিরতা আঁচ করে তেল সংস্থাগুলি আগেভাগেই প্রয়োজনীয় জ্বালানি মজুত করেছে। রান্নার গ্যাসের ঘাটতি বা ‘এনার্জি লকডাউন’-এর মতো জল্পনাগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানির জোগান স্বাভাবিক রাখতে এবং সাপ্লাই চেইন সচল রাখতে ইতিমধ্যে সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
পশ্চিম এশিয়া সংকট ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ও জনজীবন সচল রাখাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য।

