আকাশে দেড় ঘণ্টা চক্কর: দুর্যোগ এড়াতে আকাশপথ বদলে সড়কপথেই দুর্গাপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার আকাশপথে ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিকেলের ঝড়বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে প্রায় দেড় ঘণ্টা কলকাতার আকাশে চক্কর কাটে তাঁর ছোট প্রাইভেট জেটটি। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৯ মিনিটে নিরাপদ অবতরণ সম্ভব হলেও, মাঝ-আকাশের এই পরিস্থিতিতে বিমানে পর্যাপ্ত জ্বালানি ও নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়।
নবান্ন সূত্রে খবর, এই অভিজ্ঞতার পর শুক্রবারের পূর্বনির্ধারিত সূচিতে বদল এনেছেন মুখ্যমন্ত্রী। আজ বিমানে অন্ডাল যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে তিনি সড়কপথেই দুর্গাপুরের উদ্দেশে রওনা দিতে পারেন। শুক্রবার বিকেলে তাঁর কোনো জনসভা বা রাজনৈতিক কর্মসূচি নেই; আজ দুর্গাপুরে রাত্রিবাস করে সেখানেই বিশ্রাম নেবেন তিনি।
শনিবার থেকে পুনরায় পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। সূচি অনুযায়ী, আগামীকাল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ এবং পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে তাঁর তিনটি জনসভা করার কথা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই আকাশপথের বদলে সড়কপথকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

