নবদ্বীপে ‘নরম’ হিন্দুত্বের কৌশল বিজেপির, জয় শ্রীরামের আগে ‘জয় গৌর-জয় নিতাই’ স্লগানের নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
চৈতন্যভূমি নবদ্বীপে আসন্ন নির্বাচনে উগ্র হিন্দুত্ব পরিহার করে ‘নরম’ হিন্দুত্বের পথে হাঁটার কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রচারের ক্ষেত্রে রামনামের আস্ফালন বা উগ্রতা প্রদর্শন করা যাবে না। পরিবর্তে পরম ভক্তি ও বিনয়ের সঙ্গে জনসংযোগ করতে হবে। বিশেষত, যে কোনো সভা বা মিছিলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার আগে ‘জয় গৌর, জয় নিতাই’ এবং ‘জয় নবদ্বীপ ধামের জয়’ বলা বাধ্যতামূলক করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থানে তাঁর সর্বধর্মসমন্বয় ও সমাজ সংস্কারের আবেগকে সম্মান জানাতেই এই কৌশলগত বদল। এবার এই কেন্দ্রে অদ্বৈত আচার্য প্রভুর পরিবারের সন্তান তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন নেতা শ্রুতিশেখর গোস্বামীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী নিজে জানিয়েছেন, নবদ্বীপে রাম ও গৌরের মধ্যে কোনো পার্থক্য নেই। বৈষ্ণব ভক্তিবাদকে পাথেয় করেই শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালানোর জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজেপির স্থানীয় নেতৃত্ব ও নির্বাচনী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমীর উৎসবেও ভক্তি ও শ্রদ্ধার ওপর জোর দেওয়া হবে। শ্রীচৈতন্যের নির্দেশিত সনাতন রীতিনীতি মেনে চলাই তাঁদের মূল লক্ষ্য। উগ্রতা বা হটকারিতা বর্জন করে শান্তির বার্তা পৌঁছে দিতে চাইছেন তারা। স্থানীয় প্রার্থীর ঐতিহ্যবাহী পারিবারিক পরিচিতি এবং শ্রীচৈতন্যের দর্শনের মেলবন্ধন ঘটিয়েই নবদ্বীপের ভোটারদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি।

