জয়গাঁয় উপচে পড়া ভিড়: বীরেন্দ্র বরা ওরাওঁকে জেতালে পুরসভা ও হাসপাতালের প্রতিশ্রুতি অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত-ভুটান সীমান্তের জয়গাঁয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো ঘিরে জনজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়গাঁর গোপীমোহন ফুটবল মাঠ থেকে সুপার মার্কেট পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে ছাত্র ও যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় দেখে অভিভূত অভিষেক কালচিনিতে তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওরাওঁয়ের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। জনসভা চলাকালীন বিজেপির প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রমারী ঘাসফুল শিবিরে যোগদান করায় রাজনৈতিক সমীকরণ আরও মজবুত হয়েছে।
পথসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, বীরেন্দ্র বরা ওরাওঁ নির্বাচনে জয়ী হলে জয়গাঁকে পূর্ণাঙ্গ পুরসভায় রূপান্তরিত করা হবে। পাশাপাশি কালচিনিতে একটি বড় মাপের সরকারি হাসপাতাল তৈরির আশ্বাসও দেন তিনি। তৃণমূলের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানান, ‘চা সুন্দরী’ আবাসন থেকে লক্ষ্মীর ভাণ্ডার—সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ নিরবচ্ছিন্নভাবে পাবেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বিজেপিকে বর্জন করে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর স্থায়িত্বের গ্যারান্টি দিয়ে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা এবং পানীয় জলের পরিষেবা অব্যাহত থাকবে। জয়গাঁ ও তোর্সা এলাকায় ইতিপূর্বে হওয়া ৩০০ কোটি টাকার উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, তৃণমূল কথা দিলে তা রক্ষা করে। ২৩ তারিখ নির্বাচনের দিন সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কালচিনির সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন। এই সভায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া।

