লেটেস্ট নিউজ

বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক অপরাধ নয়, ঐতিহাসিক পর্যবেক্ষণ হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তি পারস্পরিক সম্মতিতে একত্রে বসবাস করলে তা কোনোভাবেই অপরাধ নয় বলে পর্যবেক্ষণ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। জনৈক বিবাহিত পুরুষ ও তাঁর সঙ্গিনীর করা এক মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, সামাজিক নীতি-নৈতিকতা আইনের ঊর্ধ্বে নয়। নাগরিকের ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে প্রচলিত সামাজিক ধারণা আদালতের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

উক্ত মামলায় অভিযোগকারী নারী দাবি করেন, স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্কে থাকায় তাঁর পরিবার ‘অনার কিলিং’-এর হুমকি দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত শাহজাহানপুরের পুলিশ সুপারকে ওই যুগলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মহিলার পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা ওই যুগলের কোনো ক্ষতি বা যোগাযোগের চেষ্টা না করেন।

আদালত আরও জানিয়েছে, আইনের চোখে অপরাধ না হলে সামাজিক মতামতের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া অপহরণ মামলায় গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই রায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা ও আইনি অধিকারের সুরক্ষা পুনরায় সুপ্রতিষ্ঠিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *