জ্বালানি সংকটের আশঙ্কা উধাও: দেশে মজুত দুই মাসের পেট্রোলিয়াম – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ইরান ও আমেরিকা-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকটের আশঙ্কায় ইতি টানল কেন্দ্র। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর পেট্রোলিয়াম মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দেশে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি দিয়ে দেশের আগামী অন্তত দুই মাসের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। ফলে সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের ঘাটতি এবং সম্ভাব্য ‘এনার্জি লকডাউন’ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সরকার তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। তেল সংস্থাগুলো আগেভাগেই প্রয়োজনীয় জ্বালানি মজুত করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র ইতিমধ্যে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও অভ্যন্তরীণ সরবরাহ চেইন সচল রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
পশ্চিম এশিয়ার এই সংকট মোকাবিলা ও দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে সাপ্লাই চেইন বজায় রাখা এবং বিদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কেন্দ্র স্পষ্ট করেছে যে, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত এবং মজুত ভাণ্ডার পর্যাপ্ত।

