টিকিট বাতিলের আয়ের হিসাব নেই রেলের কাছে, রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রেনের টিকিট বাতিলের চার্জ থেকে রেলের মোট আয়ের কোনো সুনির্দিষ্ট হিসাব নেই বলে রাজ্যসভায় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ্যে আসে। আয়ের সঠিক পরিসংখ্যান না মেলায় বিশেষজ্ঞ মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই তথ্যের পরিবর্তে রেলমন্ত্রী টিকিটে প্রদত্ত ভরতুকির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।
রেলমন্ত্রী জানান, ২০২৪-২৫ আর্থিক বছরে রেল প্রায় ৬০ হাজার ২৩৯ কোটি টাকা ভরতুকি দিয়েছে, যা মোট ভাড়ার প্রায় ৪৩ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার টিকিটে যাত্রীদের খরচ হয়েছে মাত্র ৫৭ টাকা। উল্লেখ্য, করোনা মহামারির সময় থেকে বন্ধ হওয়া টিকিটের বিশেষ কনসেশন বা ছাড় এখনো চালু হয়নি। সাধারণ মানুষ ও বয়স্ক নাগরিকদের জন্য এই সুবিধা পুনরায় ফেরানোর দাবি দীর্ঘদিনের।
অন্যদিকে, কলকাতা মেট্রো নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হওয়ার পর যাত্রী সংখ্যা ব্যাপক বেড়েছে। গ্রিন লাইনে দৈনিক যাত্রী সংখ্যা ৭৮ হাজার থেকে বেড়ে বর্তমানে ২ লক্ষ ৪ হাজারে পৌঁছেছে। ২০২৫ সালের আগস্টে এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখা চালুর পর থেকেই এই উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

