হাওড়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে জিরো টলারেন্স নীতি প্রশাসনের – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জিরো টলারেন্স নীতি ঘোষণা করল জেলা প্রশাসন। শুক্রবার জেলাশাসক পি দীপাপ্রিয়া স্পষ্ট জানান, নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অশান্তি রুখতে ইতিমধ্য়েই ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে।
অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে কড়া নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাপ্পা ভোট প্রতিরোধ, ভোটারদের ভয় দেখানো বা আর্থিক প্রলোভন রুখতে কেন্দ্রীয় বাহিনী ও কিউআরটি ভ্যান মোতায়েন করা হবে। সংবেদনশীল বুথগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি গুজব ও ভুয়ো খবর ছড়ানো রুখতেও প্রশাসন সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।
এদিন নতুন ভোটারদের সচেতন করতে ‘ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব’ স্লোগানকে সামনে রেখে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। হাওড়া ব্রিজ থেকে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে জেলাশাসক ও পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে ভোটদানে উৎসাহিত করাই ছিল এই প্রচারমূলক কর্মসূচির মূল উদ্দেশ্য।

