বঙ্গে কালবৈশাখীর দাপট: আজও কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় মাঝরাতের কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে গুমোট গরমের অস্বস্তি কেটেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে শুক্রবার রাতে তিলোত্তমার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোও ভিজেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে এই আকস্মিক আবহাওয়ার বদল ঘটেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবারও রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি ও নদিয়ার কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

_0.jpg.webp)