ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচারের তুঙ্গে তৃণমূল-বাম, রণকৌশল বদলে অন্তরালে বিজেপি প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী দিলীপ সিং ইতিমধ্যেই জোরকদমে জনসংযোগ ও প্রচার শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং ছোট ছোট সভার মাধ্যমে তাঁরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তবে এই ভোটযুদ্ধের আবহে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।
বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় অবশ্য প্রচারের ময়দানে সেভাবে না থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, এটি দলের বিশেষ রণকৌশল এবং নির্দেশ। বর্তমানে সরাসরি জনসংযোগের চেয়ে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বেশি জোর দিচ্ছেন তিনি। শক্তি প্রমুখ ও কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংগঠন মজবুত করার পরই তিনি পূর্ণাঙ্গ প্রচারে নামবেন বলে জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপির এই কৌশলের নেপথ্যে সাংগঠনিক দুর্বলতা ও দলীয় কোন্দল দায়ী হতে পারে। বিশেষ করে প্রাক্তন জেলা সম্পাদক অলোক সেন নির্দল প্রার্থী হওয়ার হুমকি দেওয়ায় শিখাদেবীর ওপর চাপ বেড়েছে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থীর দাবি, বুথ কমিটির সাফল্যের ওপর ভিত্তি করেই মানুষ আবারও পদ্ম শিবিরকে জয়ী করবে। অন্যদিকে, বিরোধীরা ইতিমধ্যেই কয়েক হাজার ভোটারের কাছে পৌঁছে গিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

