ওয়াংখেড়ের মাঠকর্মীদের ভাগ্য বদলে দিলেন হার্দিক পান্ডিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ জয়ের পর নিজের দেওয়া কথা রাখলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠকর্মীদের জন্য এক অনন্য নজির গড়লেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে গভীর রাত পর্যন্ত হার্দিকের অনুশীলনে অক্লান্ত পরিশ্রম করেছিলেন যে মাঠকর্মীরা, তাঁদের প্রত্যেককে বড় উপহার দিলেন এই তারকা ক্রিকেটার।
প্রতিশ্রুতি অনুযায়ী গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে ১১ জন মাঠকর্মীর প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন হার্দিক। আইপিএল শুরুর মুখে তাঁর এই উদারতা ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে।
আহমেদাবাদে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত বিশ্বজয় করে। এই জয়ে হার্দিকের পারফরম্যান্স ছিল অনবদ্য। এই জয়ের সুবাদে ২০২৪ এবং ২০২৬ পরপর দুইবার বিশ্বকাপ খেতাব জয়ের এক বিরল রেকর্ডের মালিক হন তিনি।
বিশ্বকাপ জয়ের খুশিতে নিজের বান্ধবী মাহিকা শর্মাকে ১০ কোটি টাকার বিলাসবহুল সুপার কার ‘ফেরারি ১২সিলিন্ড্রি’ উপহার দিয়েছেন হার্দিক। এর আগে ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পরও তিনি তাঁর প্রাক্তন স্ত্রী ও ছেলেকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন।

