লেটেস্ট নিউজ

ট্রাম্পের নিশানায় এবার কিউবা, ‘দখল অথবা মুক্তি’র হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনিজুয়েলা ও ইরানের পর এবার কিউবাকে কেন্দ্র করে নতুন রণকৌশল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ামির এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, কিউবাকে হয় মার্কিন নিয়ন্ত্রণে আনা হবে, নয়তো দেশটিকে মুক্ত করা হবে। প্রয়োজনে কঠোর সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিলেও নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওই দ্বীপরাষ্ট্রটি নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা তাঁর রয়েছে।

বর্তমানে কিউবার অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত নাজুক। ভেনিজুয়েলায় মার্কিন সমর্থিত অভিযানের ফলে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ ও নিত্যপণ্যের ওপর। এই সংকটের সুযোগে কিউবার বর্তমান সরকারের পতন এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই কড়া অবস্থানের মূল লক্ষ্য হলো প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলকে ক্ষমতাচ্যুত করা।

তীব্র উত্তেজনা সত্ত্বেও কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও হাভানার শীর্ষ নেতৃত্বের মধ্যে পর্দার আড়ালে কথাবার্তা চলছে। সরাসরি সামরিক সংঘাত এড়াতে কিউবা সরকার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছে। তবে ট্রাম্পের ‘বন্ধুত্বপূর্ণ দখল’ নাকি অন্য কোনো কঠোর পদক্ষেপ কিউবার ভাগ্যে রয়েছে, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *