মাঝ আকাশে চরম বিভ্রাট: কালবৈশাখীর তাণ্ডবে দুই ঘণ্টা চক্কর খেয়ে কলকাতায় নামল অমিত শাহের বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মধ্যরাতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। নির্ধারিত সময় রাত ১১টা ৪৬ মিনিটে দিল্লি থেকে আসা শাহের বিশেষ বিমানটি নামার কথা থাকলেও, কালবৈশাখীর তাণ্ডবে রানওয়েতে নামার অনুমতি পাননি পাইলট। ফলে নদীয়া ও উত্তর ২৪ পরগনার আকাশে দীর্ঘ দুই ঘণ্টা চক্কর কাটে বিমানটি।
অবশেষে রাত ১টা ৪৬ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কড়া নিরাপত্তায় রাত ২টো নাগাদ তিনি নিউটাউনের হোটেলের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, গত ২৬ শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটিও অন্ডাল থেকে ফেরার পথে একইভাবে ঝড়ের কবলে পড়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও আবহাওয়ার সেই একই প্রতিকূল মেজাজ ধরা পড়ল।
শনিবার দুপুরে নিউটাউনের একটি হোটেলে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বিশেষ ‘চার্জশিট’ বা অভিযোগপত্র প্রকাশ করার কথা রয়েছে অমিত শাহের। বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সংকলিত করে এই নথি তৈরি করেছে বিজেপি। গত দুই মাসে দফায় দফায় বাংলা সফর করছেন শাহ। আজকের এই কর্মসূচি বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার রণকৌশলেরই এক বড় অংশ বলে মনে করা হচ্ছে।

