তৃণমূলের বিরুদ্ধে শাহের ৩৫ পাতার ‘চার্জশিট’, অনুপ্রবেশকারী মুক্ত বাংলার অঙ্গীকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ টাউনের একটি হোটেলে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ৩৫ পাতার এক বিস্ফোরক ‘চার্জশিট’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। শাহ দাবি করেন, রাজ্যে শিল্প ও কর্মসংস্থান থমকে যাওয়ার প্রধান কারণ হলো এই প্রশাসনিক অরাজকতা।
অনুপ্রবেশ ইস্যু নিয়ে কড়া অবস্থান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষায় জমি জট মিটিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন, ক্রমবর্ধমান অনুপ্রবেশের সময় রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? তাঁর স্পষ্ট বার্তা, দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে। এছাড়া, নারী নিরাপত্তা ও রাষ্ট্রপতিকে অপমানের প্রসঙ্গেও তিনি শাসকদলকে তীব্র আক্রমণ করেন।
আসন্ন নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে অমিত শাহ জানান, বাংলার মানুষ এখন ভয়মুক্ত ভোট চান। তিনি প্রশাসনের আধিকারিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং শুভেন্দু অধিকারীর লড়াকু ভূমিকার প্রশংসা করেন। তৃণমূল সরকারকে সমূলে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলেই বাংলার হারানো গৌরব ও ‘বাঙালি অস্মিতা’ পুনরায় প্রতিষ্ঠিত হবে।

