ভোটার তালিকায় স্বচ্ছতার অভাব? কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নয়া জটিলতা তৈরি হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন দ্বিতীয় অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলেও তাতে তথ্যের ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গেছে। গত ২৩ মার্চের মতো এবারও মধ্যরাতে তালিকা প্রকাশ করায় কমিশনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রকাশিত তালিকায় মাত্র ৯ জনের নাম রয়েছে, যারা এন্টালি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। এদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা। অথচ গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম যাচাইয়ের অপেক্ষায় ছিল। পূর্ণাঙ্গ হিসাব ছাড়াই এত স্বল্পসংখ্যক নামের তালিকা প্রকাশ করায় বিভ্রান্তি ছড়িয়েছে। বিভিন্ন সূত্র মারফত প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, প্রায় ২৭ লক্ষ নামের নিষ্পত্তি হলেও তার বিস্তারিত বিবরণ এখনও জনসমক্ষে আনা হয়নি। সঠিক ও স্বচ্ছ তথ্যের দাবিতে রাজ্য সরকার এখন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

