জ্বালানি সংকট ও ডলারের অভাবে পাকিস্তানে ‘এনার্জি লকডাউন’ ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দাম এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে ঠেকে যাওয়ায় চরম সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে শাহবাজ শরিফ সরকার দেশজুড়ে ‘এনার্জি লকডাউন’ ঘোষণা করেছে। মূলত বিদ্যুৎ সাশ্রয় করতেই নাগরিকদের জীবনযাত্রায় রাতারাতি এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, করাচি ও লাহোরের মতো বড় শহরগুলোতে রাত ৮টার মধ্যে শপিং মল ও বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাত ১০টার পর বিয়েবাড়ি ও রেস্তোরাঁ খোলা রাখা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অফিসগুলোতে এসির ব্যবহার সীমিত করার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহারের ওপর জোর দিচ্ছে প্রশাসন। তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর জরুরি আর্থিক সহায়তা ছাড়া এই বিপর্যয় থেকে মুক্তি পাওয়া পাকিস্তানের পক্ষে আসাম্ভব। বর্তমানে শিল্প উৎপাদন থমকে যাওয়ায় এবং নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই মুহূর্তে বিদ্যুৎ সাশ্রয়ই দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার জন্য ইসলামাবাদের শেষ অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।

