লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের বড় পদক্ষেপ, ৫ লক্ষ ইন্ডাকশন স্টোভ আনছে EESL – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে দেশে এলপিজি ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে ইলেকট্রিক কুকিং বা ‘ই-রান্নার’ ওপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) ধাপে ধাপে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ কেনার জন্য নতুন টেন্ডার ডাকার প্রস্তুতি নিচ্ছে।

ইতিমধ্যেই এক লক্ষ ইন্ডাকশন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট বাসনপত্রের জন্যও টেন্ডার দেওয়া হয়েছে। ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রামের আওতায় এই উদ্যোগ এলপিজির তুলনায় ২০-৩০ শতাংশ খরচ সাশ্রয় করবে বলে দাবি সংস্থার। রান্নার অভ্যাসে পরিবর্তন এনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি দেশীয় প্রস্তুতকারকদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সরঞ্জামের জোগান স্বাভাবিক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অস্থিরতার আবহে দেশে ‘এনার্জি লকডাউন’ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি স্পষ্ট করেছেন যে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই এবং লকডাউন জারির কোনো পরিকল্পনা সরকারের নেই। আমজনতাকে আশ্বস্ত করে জানানো হয়েছে, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ সচল রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নজরদারি চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *