ভোটকর্মীকে মারধর ও বিধিভঙ্গের অভিযোগ, বিডিও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ জেলাশাসকের – এবেলা
এবেলা ডেস্কঃ
রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে আয়োজিত ভোটকর্মীদের প্রশিক্ষণ শিবিরে এক স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হচ্ছিল। এর প্রতিবাদ করায় শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এই নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে শুক্রবারের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় প্রশাসন।
আক্রান্ত শিক্ষকের দাবি, হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যের উপস্থিতিতেই তাঁর ওপর আক্রমণ চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পাল্লি কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বিডিও-র কাছে এই ঘটনার কৈফিয়ত তলব করার পাশাপাশি সংশ্লিষ্ট বিডিও অফিসের দুই কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত মুখ্যমন্ত্রীর ছবি প্রজেক্টরে ভেসে উঠেছিল। তবে শিক্ষক নিগ্রহের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে জেলা প্রশাসন। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিধানসভা ভোটের মুখে খোদ সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গ ও হিংসার এই অভিযোগ ওঠায় প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

