বাংলাদেশে আইপিএল সম্প্রচারে ইতিবাচক ইঙ্গিত: কাটতে পারে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছে দেশটির বর্তমান সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, কোনো টিভি চ্যানেল আইপিএল দেখানোর আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা করা হবে। সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতি না মিশিয়ে বিষয়টিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আগ্রহী। এমনকি ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের সম্প্রচারেও কোনো বাধা নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
চলতি বছরের শুরুতে এক নির্দেশনার মাধ্যমে জনস্বার্থে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং রাজনৈতিক টানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, স্পোর্টস ইভেন্টকে রাজনৈতিক রং দেওয়া অনুচিত এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজ থেকেই ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। গত বছরের একটি মর্মান্তিক দুর্ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজ দেশের পর্দায় প্রিয় এই টুর্নামেন্টটি দেখার অনুমতির জন্য।

