রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলে ব্যাপক তাণ্ডব ও অগ্নিসংযোগ, এলাকায় ১৬৩ ধারা জারি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। শুক্রবার কোনো প্ররোচনা ছাড়াই মিছিল থেকে ফুলতলা মোড় এলাকায় ব্যাপক হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করার পাশাপাশি রাস্তার যানবাহনেও ভাঙচুর চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে রঘুনাথগঞ্জের মূল বাজারসহ পার্শ্ববর্তী এলাকা থমথমে রয়েছে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সমগ্র এলাকায় ১৬৩ ধারা জারি করেছে। সন্ধ্যায় মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুটমার্চ করেন এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সহিংসতা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, বিজেপি এই ঘটনার সঙ্গে দলীয় যোগসূত্র অস্বীকার করে পালটা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। বর্তমানে এলাকায় শান্তি ফেরাতে পুলিশি টহলদারি অব্যাহত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

