রান্নাঘরের গ্যাস নিয়ে ঘনিয়ে আসছে চরম সংকট? জেনে নিন আপনার বাড়িতে জোগান স্বাভাবিক থাকবে কি না – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল আর বন্ধ সমুদ্রপথের গেরোয় ভারতে এলপিজি আমদানিতে বড়সড় ধাক্কা লেগেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক দেশ হিসেবে ভারত এখন বিকল্প পথের সন্ধানে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আর্জেন্টিনা ও কানাডার মতো দেশ থেকে জ্বালানি আনার তোড়জোড় চললেও আমজনতার কপালে চিন্তার ভাঁজ।
দেশের মোট চাহিদার প্রায় অর্ধেক মেটায় রিলায়েন্স ও ওএনজিসি। কৃষ্ণ-গোদাবরী বেসিন এবং উত্তর-পূর্ব ভারত থেকে আসা প্রাকৃতিক গ্যাসই এখন ভরসা। আমদানিকৃত গ্যাসকে মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াসে জমিয়ে তরল করে জাহাজে আনা হলেও যুদ্ধের কারণে সেই খরচ আকাশছোঁয়া হতে পারে।
সংস্থাগুলো জানাচ্ছে হাতে মাত্র ৩০ দিনের মজুত রয়েছে। বর্তমানে কলকারখানার চেয়ে সাধারণ গৃহস্থের রান্নাঘরে জোগান বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। তবে এপ্রিলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে রান্নার গ্যাসের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আপাতত জোগান বন্ধ না হলেও পকেটে টান পড়ার আশঙ্কায় উদ্বেগে সাধারণ মানুষ।

