ইসরায়েলের ওপর হুতিদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ইয়েমেন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও হিজবুল্লাহর পর এবার সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান ও হিজবুল্লাহর অভিযানের সঙ্গে সংহতি জানিয়ে দক্ষিণ ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে এই আক্রমণ চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল একটি হুতি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছিল।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, তারা ইরানের সরকারি ভবন এবং অস্ত্র তৈরির কারখানাসহ প্রায় ১০০০টি সামরিক আস্তানায় বোমাবর্ষণ করেছে। এর মধ্যে ইউরেনিয়াম ও ভারী জল উৎপাদন কেন্দ্রগুলোও রয়েছে। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। হুতিদের এই সরাসরি অংশগ্রহণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

