আমেরিকা কি কিম জং উনের নিশানায়? ইরান-ইজরায়েল যুদ্ধের আবহেই দুনিয়া কাঁপানো মিসাইল ইঞ্জিনের পরীক্ষা উত্তর কোরিয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তিতে এবার নতুন মোড়। ইরান ও ইজরায়েলের সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘সলিড-ফুয়েল’ ইঞ্জিনের সফল পরীক্ষা চালালেন কিম জং উন। কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এই ইঞ্জিনের ক্ষমতা আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র দাবি অনুযায়ী, এই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট এখন ২,৫০০ কিলোটন।
বিশেষজ্ঞদের মতে, কিমের এই পদক্ষেপের আসল লক্ষ্য হলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া। নতুন এই প্রযুক্তির ফলে ক্ষেপণাস্ত্রগুলো একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে। সলিড-ফুয়েল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের আগে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন হয় না, ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া প্রায় আসাম্ভব।
কিম জং উন আগেই উত্তর কোরিয়াকে ‘অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছিলেন। আন্তর্জাতিক মহলের ধারণা, মধ্যপ্রাচ্যের অস্থিরতার সুযোগ নিয়ে কিম নিজের সামরিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

