মাঝরাস্তায় মায়ের সামনেই বন্ধুর বুক চিরে দিল গুণধর ছেলে – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: খাস রাজধানীতে প্রকাশ্য দিবালোকে এক শিউরে ওঠা হত্যাকাণ্ডের সাক্ষী থাকল নিহাল বিহার এলাকা। নিজের মায়ের চোখের সামনেই তাঁর বন্ধু আমনকে এলোপাথাড়ি ছুরির কোপে খুন করল গুণধর ছেলে রোহিত। অবৈধ সম্পর্কের সন্দেহে এই চরম নৃশংস পথ বেছে নেয় অভিযুক্ত যুবক।
শুক্রবার দুপুরে পশ্চিম বিহার থেকে নিহাল বিহারের দিকে যাচ্ছিলেন আমন এবং রোহিতের মা। সেই সময় অতর্কিতে বাইক নিয়ে তাঁদের পথ আটকায় রোহিত। কিছু বুঝে ওঠার আগেই মায়ের সামনেই আমনের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে রক্তাক্ত অবস্থায় আমনকে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মায়ের সঙ্গে আমনের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে পারছিল না রোহিত। সেই আক্রোশ থেকেই খুনের ছক কষে সে। নিহাল বিহার থানার পুলিশ ইতিমদ্যেই ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। এই নারকীয় ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

