মরার একদিন পরই জ্যান্ত ফিরে এল যুবক! পূর্ণিয়ায় শ্মশান থেকে ফেরার পথে চাঞ্চল্যকর মোড় – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ণিয়া শুক্রবার রাতে ট্রেন দুর্ঘটনায় মৃত ভেবে যে যুবকের শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার, শনিবার সেই অমর চৌহানকে সশরীরে সামনে দেখে চক্ষু চড়কগাছ আত্মীয়দের। খাগড়া রেললাইনের ধারে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিল পরিবার। ময়নাতদন্তের পর হাসপাতালের কর্মীরা সেই দেহটি অমর চৌহানের বলে শনাক্ত করেন এবং শোকাতুর পরিজনরা হিন্দু রীতি মেনে তার দাহকাজ সম্পন্ন করেন।
শ্মশান থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই আসে এক রহস্যময় ফোন। পরিবার জানতে পারে, অমর মোটেই মারা যাননি, বরং তিনি পশ্চিম বাংলার পঞ্জিপাড়ায় বহাল তবিয়তে রয়েছেন। তড়িঘড়ি সেখানে পৌঁছে অমরকে উদ্ধার করে বাড়ি ফেরান স্বজনরা। মৃত যুবকের পুনর্জন্মের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখন বড় প্রশ্ন হলো— অমর যদি বেঁচে থাকেন, তবে চিতায় কার শেষকৃত্য করল পরিবার? হাসপাতালের শনাক্তকরণ প্রক্রিয়া এবং পুলিশের গাফিলতি নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। পুলিশ এখন সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে।

