আমেরিকায় ট্রাম্প বিরোধী গণবিক্ষোভ: ‘রাজা চাই না’ স্লোগানে উত্তাল ৫০টি প্রদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের নীতি ও ইরান অভিযানের প্রতিবাদে ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফায় উত্তাল হয়ে উঠেছে আমেরিকা। শনিবার নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনসহ দেশটির ৫০টি প্রদেশের ৩২০০-এর বেশি স্থানে কয়েক লাখ মানুষ রাজপথে নামেন। বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন নীতি, সরকারি অচলাবস্থা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানান।
মিনেসোটার সেন্ট পল স্টেট ক্যাপিটলের সামনে আয়োজিত বিশাল সমাবেশে প্রতিবাদকারীরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং জনগণের শাসনের পক্ষে স্লোগান দেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইজরায়েল যৌথ অভিযানের এক মাস পেরিয়ে গেলেও সংঘাত থামেনি, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে। আন্দোলনকারীরা ব্যঙ্গাত্মক পোস্টার ও বেলুন হাতে নিয়ে এই যুদ্ধকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এই আন্দোলনের প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৬০ ও ৭০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। শনিবারের তৃতীয় দফার ভিড় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে সাধারণ মার্কিনিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

