বাংলায় যোগীনীতি লাগুর হুঁশিয়ারি! সকালে ধরে রাতেই এনকাউন্টার করার হুমকি বিজেপি প্রার্থীর – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
বাংলায় ক্ষমতায় এলে নারীঘটিত অপরাধ রুখতে উত্তরপ্রদেশের কায়দায় ‘এনকাউন্টার’ চালানো হবে। ভোটপ্রচারে বেরিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই। তাঁর সাফ কথা, নারী সুরক্ষায় কোনো আপস নয়, অপরাধীকে সকালে ধরে রাতেই ‘শেষ’ করে দেওয়া হবে।
শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে বাসিন্দাদের সামনে উমেশ রাই দাবি করেন, উত্তর হাওড়াকে দুষ্কৃতীমুক্ত করতে যোগী আদিত্যনাথের নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, “নারীঘটিত কেসে অভিযুক্তকে চিহ্নিত করে এমন সাজা দেওয়া হবে যাতে দ্বিতীয় কেউ এই সাহস না পায়। দুষ্কৃতীদের ঠান্ডা করতে আমরা এনকাউন্টার করব।”
আইনের তোয়াক্কা না করে সরাসরি এনকাউন্টারের এই দাওয়াই ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে, তবে কি বিচারব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে গেরুয়া শিবির? এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “একজন প্রার্থীর মুখে এমন অপরিপক্ব কথা মানায় না।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে এনকাউন্টার নিয়ে বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। এবার সেই বিতর্কিত পথেই হাঁটার বার্তা দিয়ে বাংলার ভোটের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই বিজেপি প্রার্থী।

