১২০০ কোটির ব্যবসায় ভাগ বসাতে চায় পাকিস্তান! আদিত্য ধরের কাছে ধুরন্ধর ২-এর অর্ধেক লভ্যাংশ দাবি লিয়ারিবাসীর – এবেলা
এবেলা ডেস্কঃ
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করছে পরিচালক আদিত্য ধরের স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২’। বিশ্বজুড়ে ১২০০ কোটির গণ্ডি পার করা এই ছবির বিপুল সাফল্য ঘিরেই এখন দানা বেঁধেছে চরম বিতর্ক। ছবির লভ্যাংশের সিংহভাগ দাবি করে বসলেন পাকিস্তানের লিয়ারি এলাকার বাসিন্দারা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লিয়ারির সাধারণ মানুষ ছবির নির্মাতা আদিত্য ধরের কাছে অদ্ভুত আবদার করছেন। তাদের দাবি, ছবিতে যেহেতু লিয়ারি এলাকা এবং এখানকার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, তাই উপার্জিত অর্থের অন্তত ৫০ থেকে ৮০ শতাংশ লিয়ারির উন্নয়নে দেওয়া হোক। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “ছবিটি ১০০০ কোটির বেশি লাভ করেছে। আমাদের এলাকার রাস্তাঘাটের যা দশা, তাতে ৫০০ কোটি টাকা লিয়ারিবাসীকে দেওয়া উচিত।” অন্য একজন আরও এক ধাপ এগিয়ে লভ্যাংশের বড় অংশ অনুদান হিসেবে চেয়ে বসেন।
এই ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। ভারতীয় নেটিজেনদের অনেকেই বিষয়টিকে মজার ছলে দেখলেও কেউ কেউ একে “লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, ছবিতে রণবীর সিং লিয়ারির গ্যাংস্টার নেটওয়ার্ক ধ্বংস করার অভিযানে নামেন। ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তির পর মাত্র দশ দিনেই ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ১২২৬.৪৪ কোটি টাকা আয় করে আলোচনার শীর্ষে রয়েছে এই সিনেমাটি। রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্ত।

