ভোটার তালিকা চূড়ান্ত: প্রথম দফার ১৫২ কেন্দ্রে ধোঁয়াশা ও বিভ্রান্তি তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের প্রথম দফার ১৫২টি নির্বাচনী কেন্দ্রে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ করেছে কমিশন। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ‘বিচারাধীন’ ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও কতজন যোগ্য বলে বিবেচিত হলেন আর কতজনের নাম বাদ গেল, তা নিয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ভোটারদের মধ্যে তীব্র উদ্বেগ ও ধোঁয়াশা তৈরি হয়েছে।
কমিশন সূত্রে খবর, প্রায় ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে, যার মধ্যে বড় একটি অংশ বাদ পড়ার তালিকায় রয়েছে বলে অনুমান। রবিবার রাতে চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশের কথা থাকলেও বুথ পর্যায়ে কোনো তালিকা মেলেনি। ভোটাররা অনলাইনে নাম খুঁজলেও ‘ডিলিটেড’ তালিকা নিয়ে ট্রাইব্যুনালে আবেদনের জন্য হাতে সময় পাচ্ছেন মাত্র সাত দিন। এরপরই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে।
বাদ পড়া ভোটারদের আপিল নিষ্পত্তির জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কলকাতার জোকায় এই ট্রাইব্যুনাল বসলেও শুনানির সময়সূচি বা নির্দিষ্ট নির্দেশিকা (SOP) এখনও চূড়ান্ত হয়নি। আবেদন নিষ্পত্তি না হলে বা তালিকা ফ্রিজ হওয়ার পর কেউ যোগ্য বিবেচিত হলে তিনি ভোট দিতে পারবেন কি না, সে বিষয়েও কমিশনের কোনো স্পষ্ট গাইডলাইন নেই।

