ভোটের মুখে কি মাস্টারস্ট্রোক মোদি সরকারের? আজই বাড়তে পারে পিপিএফ ও স্বল্প সঞ্চয়ে সুদের হার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এই ভোটের আবহেই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বড়সড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্র। আজ সোমবারই ঘোষণা হতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পের নতুন সুদের হার। আর্থিক বিশেষজ্ঞদের মতে, আগামী তিন মাসের জন্য সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
কেন বাড়তে পারে সুদের হার?
গত কয়েক দফায় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমালেও স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনো কাঁচি চালায়নি অর্থমন্ত্রক। বর্তমানে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং বাণিজ্যিক সিলিন্ডারের সংকটে সাধারণ মানুষ কার্যত নাজেহাল। এই পরিস্থিতিতে আমজনতার ক্ষোভে মলম দিতে এবং ভোটের আগে মধ্যবিত্তকে কাছে টানতে সুদের হার বাড়ানোই কেন্দ্রের সেরা অস্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যগুলিতে স্বল্প সঞ্চয়ে লগ্নির পরিমাণ সবথেকে বেশি, তাই এই রাজ্যগুলির ভোটারদের মন জয় করা এখন মোদি সরকারের অন্যতম লক্ষ্য।
গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা
আগামীকাল ৩১ মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে সরকারি ছুটি। অর্থবর্ষের শেষ দিন ছুটি থাকায় অনেক গ্রাহক আজ সোমবারই তাঁদের সঞ্চয় প্রকল্পের মেয়াদ শেষের টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, ৩১ মার্চের আগে টাকা তুললে তা ‘প্রি-ম্যাচুর উইথড্রয়াল’ হিসেবে গণ্য হবে, যার ফলে গ্রাহকরা প্রাপ্য সুদের থেকে বঞ্চিত হতে পারেন। ডাককর্মীদের পরামর্শ, আর্থিক ক্ষতি এড়াতে গ্রাহকরা যেন এপ্রিলের শুরুতে তাঁদের জমানো টাকা তোলেন।
আজ বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে স্বল্প সঞ্চয় নিয়ে কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত। এখন দেখার, ভোটের ময়দানে নামার আগে সাধারণ মানুষের পকেটে কতটা বাড়তি টান দেয় কেন্দ্র।

