রামনবমীর মিছিলে হঠাৎ চলল গুলি! ওড়িশার বিজেপি বিধায়কের কাণ্ডে তোলপাড় দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভুবনেশ্বর। রামনবমীর পুণ্যলগ্নে ভক্তি আর শ্রদ্ধার আবহে মেতেছিলেন ভক্তরা। কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। শোভাযাত্রার মাঝপথেই সপাটে বন্দুক উঁচিয়ে শূন্যে গুলি ছুড়তে শুরু করলেন ওড়িশার টিটলাগড় কেন্দ্রের বিজেপি বিধায়ক নবীন জৈন। জনসমক্ষে বিধায়কের এমন হঠকারী সিদ্ধান্তে হুড়োহুড়ি পড়ে যায় মিছিলে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনায় ওড়িশার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার বলাঙ্গির জেলায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন শাসকদলের এই বিধায়ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই মেজাজ হারিয়ে বা অতি উৎসাহে নিজের আগ্নেয়াস্ত্র বের করে ব্ল্যাঙ্ক ফায়ার করেন তিনি। এক জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বিভিন্ন মহল থেকে ধিক্কার ধেয়ে আসায় পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
ইতিমধ্যেই ঘটনার জেরে বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) প্রেমচাঁদ নাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে রেহাই পাননি খোদ বিধায়কও। বলাঙ্গিরের পুলিশ সুপার অভিলাষ জি জানিয়েছেন, আইন সবার জন্য সমান। টিটিলাগড় থানায় বিজেপি বিধায়ক নবীন জৈন এবং তাঁর পিএসও-র বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হতেই এখন চরম অস্বস্তিতে ওড়িশার ক্ষমতাসীন শিবির।

