লেটেস্ট নিউজ

কন্যাসন্তানের জন্মোৎসবে রাজকীয় আয়োজন: কুসংস্কার ভেঙে নজির গড়লেন পূর্ব বর্ধমানের বাবা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু গ্রামে এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল এলাকাবাসী। যেখানে আজও অনেক পরিবারে কন্যাসন্তানের জন্ম বিষাদের ছায়া আনে, সেখানে দ্বিতীয় কন্যাসন্তান লাভের আনন্দে তাকে রাজকীয় কায়দায় বরণ করে নিলেন শেখ নাজির উদ্দিন। পেশায় ব্যবসায়ী নাজির উদ্দিন রবিবার হাসপাতাল থেকে তাঁর সদ্যোজাত কন্যা ও স্ত্রীকে এক সুসজ্জিত, মালা দিয়ে ঢাকা গাড়িতে করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাড়িতে নিয়ে আসেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাইয়ের সংসারে কোনো বোন না থাকায় দীর্ঘদিনের এক আক্ষেপ ছিল তাঁদের মনে। নাজির উদ্দিনের প্রথম সন্তান কন্যা হওয়ার পর দ্বিতীয়বারও তিনি মনে মনে কন্যাসন্তানই চেয়েছিলেন। চারদিন আগে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী বাবলি খাতুন দ্বিতীয় কন্যা ‘নাফিসা পারভিন’-এর জন্ম দিলে খুশির জোয়ার বয়ে যায় পরিবারে। বড় মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে উৎসবে মেতে ওঠেন নাজির।

বাড়িতে পৌঁছালে নাতনিকে পরম আদরে বরণ করে নেন দাদু নাজিম উদ্দিন শেখ। তিন ছেলের পর দুই নাতনিকে পেয়ে তিনি আবেগে আপ্লুত। বাবলি খাতুনও স্বামীর এই বিশেষ উদ্যোগে অত্যন্ত আনন্দিত। আধুনিক যুগে দাঁড়িয়ে লিঙ্গবৈষম্য ও পনপ্রথার অন্ধকার সরিয়ে কন্যাসন্তানকে ‘লক্ষ্মী’ রূপে বরণ করে নেওয়ার এই ঘটনাটি বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *