ইরানি হামলায় আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্য কুয়েতে প্রাণ হারালেন আরও এক ভারতীয় কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা এবার কেড়ে নিল আরও এক ভারতীয় প্রাণ। সোমবার ভোরে কুয়েতের একটি বিদ্যুৎ ও জল শোধনাগারে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় কর্মীর। এই নিয়ে চলতি যুদ্ধে মোট ৮ জন ভারতীয় প্রাণ হারালেন, যা নিয়ে চরম উৎকণ্ঠায় নয়াদিল্লি।
কুয়েতের বিদ্যুৎ ও জল সম্পদ মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ এই বর্বরোচিত হামলার কথা নিশ্চিত করেছে। তারা এই ঘটনাকে “পাপপূর্ণ ইরানি আগ্রাসন” বলে অভিহিত করেছে। হামলায় প্ল্যান্টের একটি সার্ভিস বিল্ডিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিষেবা স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে প্রশাসন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয়র মৃত্যু হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই মহাযুদ্ধে এখন পর্যন্ত ৮ জন ভারতীয়র মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় দূতাবাস নিহতের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
গত পাঁচ সপ্তাহ ধরে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত চরম আকার ধারণ করেছে। ট্রাম্প প্রশাসন পারস্য উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উল্টো ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালী’ কার্যত অবরোধ করে রাখায় বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে শান্তি আলোচনার কথা চললেও অন্যদিকে একের পর এক হামলায় সাধারণ মানুষের প্রাণহানি থামছেই না।

