লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট রুখতে বড় পদক্ষেপ: দুস্থদের কেরোসিন দেবে কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার জেরে এলপিজি সরবরাহে টান পড়ার আশঙ্কায় দেশজুড়ে বিকল্প জ্বালানি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সাধারণ মানুষের রান্না ও আলোর প্রয়োজন মেটাতে আগামী ৬০ দিনের জন্য নির্দিষ্ট কিছু পরিবারকে কেরোসিন সরবরাহ করা হবে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনজাতিদের অগ্রাধিকার দিয়ে এলপিজির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোই এই অস্থায়ী পদক্ষেপের মূল লক্ষ্য।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলার দুটি করে নির্দিষ্ট পেট্রোল পাম্পের মাধ্যমে এই কেরোসিন বিতরণ করা হবে। এমনকি যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আগে ‘কেরোসিন-মুক্ত’ ঘোষিত হয়েছিল, সেখানেও আপাতত জরুরি ভিত্তিতে কোটা বরাদ্দ করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এর ফলে যাদের বাড়িতে রান্নার স্টোভ রয়েছে, তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংকটের মাঝেও ভারতের জন্য স্বস্তির খবর হলো, হরমুজ প্রণালীর উত্তেজনা এড়িয়ে প্রায় ৯৪ হাজার টন এলপিজি নিয়ে দুটি ভারতীয় জাহাজ নিরাপদে দেশের পথে রয়েছে। জাহাজ দুটি আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে মুম্বই ও নিউ মাঙ্গালোর বন্দরে পৌঁছনোর কথা। দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একদিকে যেমন এলপিজি আমদানি স্বাভাবিক রাখা হচ্ছে, অন্যদিকে কেরোসিন বন্টনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা সামাল দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *