লেটেস্ট নিউজ

ইরান উত্তেজনায় কাঁপছে দালান স্ট্রিট, ১০০০ পয়েন্ট ধসে তাসের ঘরের মতো পড়ল সেনসেক্স – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মেঘে টালমাটাল ভারতের শেয়ার বাজার। সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাতের সরাসরি প্রভাব পড়ল দালাল স্ট্রিটে। সোমবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে নামতে শুরু করে সূচক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ১০০০ পয়েন্টের বেশি পতন ঘটে বিএসই সেনসেক্সে (BSE Sensex)। অন্যদিকে নিফটি ৫০ সূচকও ৩০০ পয়েন্টের বেশি হারিয়ে এখন ২২,৫০০-র ঘরে লড়াই করছে।

বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতাই এই রক্তক্ষরণের প্রধান কারণ। সেনসেক্স আজ এক ধাক্কায় ৭২,৫১৬.৮৬ পয়েন্টে নেমে আসে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের এখনই হুজুগে না মেতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নিফটি যতক্ষণ না ২৪,০০০-এর উপরে স্থিতিশীল হচ্ছে ততক্ষণ বাজারে ঝুঁকি থেকেই যাবে।

আজকের এই ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং সেক্টর। কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বড় শেয়ারগুলোতে ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া বাজাজ ফিনসার্ভ এবং ট্রেন্টের শেয়ারেও পতন হয়েছে। তবে এই মন্দার বাজারেও ভারত ইলেকট্রনিক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার গ্রিডের মতো কিছু শেয়ার সামান্য লাভের মুখ দেখেছে।

সেক্টরভিত্তিক পর্যালোচনায় দেখা যাচ্ছে আইটি, অটো, ফার্মা এবং রিয়েলটি—প্রায় প্রতিটি বিভাগেই লাল সংকেত দেখা দিয়েছে। বিশেষ করে পিএসইউ ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্ক সূচকগুলো ১.৮ শতাংশের বেশি নিচে নেমেছে। তবে মেটাল এবং অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কিছুটা ইতিবাচক গতি দেখা গেছে যা বাজারের পতনকে সামান্য হলেও আটকে রাখার চেষ্টা করছে। আগামী দিনে তেলের দাম এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *