লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা আর পকেট কাটছেন মোদী, শীতলকুচি থেকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা আর পকেট কাটছেন মোদী, শীতলকুচি থেকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শীতলকুচির নির্বাচনী জনসভা থেকে তিনি অভিযোগ করেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দিচ্ছেন, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। বাণিজ্যিক গ্যাসের দাম একলাফে ১৯৫.৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলে তিনি দাবি করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আসন্ন কোচবিহার সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী একটি শ্বেতপত্র প্রকাশ করে দেখান যে কোচবিহারের একজন ব্যক্তিও কেন্দ্রীয় আবাস যোজনার সুবিধা পেয়েছেন কিনা। যদি ১০০ দিনের কাজে কাউকে ১০ পয়সাও দেওয়া হয়েছে এমন প্রমাণ দেখাতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।” একইসঙ্গে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিষ্ক্রিয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তৃণমূল নেতার প্রতিশ্রুতি, ২০২৬ সালের নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল এবং কেন্দ্রীয় অনুদান ছাড়াই ৬০ বছর ঊর্ধ্বে সকলকে বার্ধক্য পেনশন প্রদান করবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা মহিলারা আজীবন পাবেন বলেও তিনি নিশ্চিত করেন। ২০২১ সালের শীতলকুচি কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উন্নয়নের স্বার্থে তৃণমূলের হাত শক্ত করার বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের পরিষেবা নিশ্চিত করতে প্রতিটি ব্লকে উন্নত স্বাস্থ্য শিবির করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *