টিটিএএডিসি নির্বাচনে জয়ের পথে আত্মবিশ্বাসী বিজেপি, দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচার গাড়ির ফ্ল্যাগ অফ করে জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি স্পষ্ট জানান, পেশিশক্তি এবং সাম্প্রদায়িক উস্কানির রাজনীতির দিন শেষ হতে চলেছে এবং জনজাতিদের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে বিজেপি এবার টিটিএএডিসিতে প্রশাসন গঠন করতে প্রস্তুত।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে প্রচার গাড়িটি এডিসি এলাকা জুড়ে ঘুরে বেড়াবে এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করবে। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনজাতিদের জন্য যে কাজ করেছে তাতে মানুষের ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে তিপ্রা মথা ছেড়ে অনেক নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, যা দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ডাঃ সাহার মতে, বিগত দিনে সিপিএম বা তিপ্রা মথা এডিসি শাসন করলেও জনজাতির ভাগ্যোন্নয়নে তারা ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে জনজাতিদের অধিকার রক্ষায় বিজেপি বদ্ধপরিকর উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টিটিএডিসিতে বিগত সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “মানুষ এখন বুঝতে পেরেছে যে শুধু আবেগ বা ভয় দেখিয়ে রাজনীতি করা যায় না, উন্নয়নের বিকল্প নেই।” জনজাতি এলাকার মানুষ এখন শান্তি ও স্থায়ী উন্নয়ন চায়, যা কেবল বিজেপিই নিশ্চিত করতে পারে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াই এখন দলের মূল লক্ষ্য।
এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারের শুরুতেই বিরোধী শিবিরকে টেক্কা দিয়ে বিজেপি বুঝিয়ে দিল যে, পাহাড়ের ক্ষমতা দখলে তারা কোনো খামতি রাখতে নারাজ।
