২৯৪ আসনেই লড়বে কংগ্রেস, শ্রীরামপুর থেকে প্রার্থী প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার

২৯৪ আসনেই লড়বে কংগ্রেস, শ্রীরামপুর থেকে প্রার্থী প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করে একক শক্তিতে লড়ার ডাক দিল জাতীয় কংগ্রেস। বুধবার এআইসিসি-র পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে রাজ্যের মোট ২৯৪টি আসনেই নিজেদের প্রার্থী পদ নিশ্চিত করল শতাব্দীপ্রাচীন এই দল। এই তালিকার সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নাম। তিনি হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার শুভঙ্কর সরকার ছাড়াও আলিপুরদুয়ার, ইসলামপুর, গাজোল, সাগরদিঘি ও বেলডাঙাসহ মোট ১০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে গত রবিবার ২৮৪ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস, যেখানে বড় চমক ছিল প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নাম। তিনি নিজের খাসতালুক বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকেই লড়াইয়ে নামছেন। পাশাপাশি, সম্প্রতি দলে ফেরা প্রাক্তন সাংসদ মৌসম নূরকে মালদহ জেলার মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। গত শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির ম্যারাথন বৈঠকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে এই হেভিওয়েট নামগুলোতে সিলমোহর দেওয়া হয়। প্রতিটি আসনের স্থানীয় সমীকরণ বিচার করেই এই প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

রাজ্যে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ জল্পনা চললেও, এককভাবে ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিল। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের সমস্ত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ মে জানা যাবে বাংলার ক্ষমতার দখল কার হাতে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, অধীর চৌধুরী ও শুভঙ্কর সরকারের মতো হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী ময়দানে নামিয়ে কংগ্রেস এবার অল-আউট লড়াইয়ের বার্তা দিতে চাইছে।

এক নজরে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তালিকা:

  • শুভঙ্কর সরকার: শ্রীরামপুর
  • অধীর রঞ্জন চৌধুরী: বহরমপুর
  • মৌসম নূর: মালতীপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *