২৫০ কোটি নিয়েও এলেন না মেসি, ক্ষোভে ফেটে পড়ে আর্জেন্তিনাকে প্রতারক বললেন কেরলের মন্ত্রী

কেরলের মাটিতে লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা দলের ফুটবল ম্যাচ দেখার স্বপ্ন আপাতত বিশ বাঁও জলে। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) প্রায় ২৫০ কোটি টাকা দেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে সফর বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘প্রতারণার’ অভিযোগ আনেন। মন্ত্রীর দাবি, কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই এই সফর বাতিল করা হয়েছে।
গত নভেম্বরেই ক্রীড়ামন্ত্রী ঘটা করে ঘোষণা করেছিলেন যে, ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে চলতি বছরের মার্চ মাসে কেরালায় খেলতে আসবে নীল-সাদা জার্সিধারীরা। সেই উদ্দেশ্যে স্পনসরদের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে পাঠানো হয়েছিল। কিন্তু টাকা নিয়েও মেসিরা না আসায় ক্ষুব্ধ মন্ত্রী জানান, আর্জেন্তিনা কেবল কেরল নয়, আরও পাঁচটি দেশের সঙ্গে একইভাবে টাকা নিয়েও ম্যাচ খেলতে না গিয়ে প্রতারণা করেছে। এই আর্থিক ক্ষতি ও চুক্তিভঙ্গের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক স্তরে আইনি পদক্ষেপ করে ক্ষতিপূরণ আদায়ের পথে হাঁটছে রাজ্য সরকার।
কেরল ভারতের অন্যতম প্রধান ফুটবল কেন্দ্র এবং এখানকার অগণিত ফুটবলপ্রেমী মেসিকে চোখের সামনে দেখার অপেক্ষায় ছিলেন। এই অপ্রত্যাশিত ঘটনায় ভক্তদের হৃদয়ে চরম আঘাত লেগেছে বলে মন্তব্য করেন আবদুরহিমান। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে এখনও নীরব থাকলেও, একের পর এক দেশের সঙ্গে এমন অপেশাদার আচরণের অভিযোগ ওঠায় বিশ্ব ফুটবলে তাদের ভাবমূর্তি সংকটে পড়েছে। ২০২৬ বিশ্বকাপের আগে এই বিতর্ক আর্জেন্তিনা ফুটবল দলের জন্য যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়াল।
