মিছিলে হুড়োহুড়িতে হারাল জুতো, খালি পায়েই হাঁটলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। বৃহস্পতিবার চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে আয়োজিত মিছিলে যোগ দিয়ে নিজের জুতো হারালেন আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালী বাগ। জনসমুদ্রের চাপে জুতো হারিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই খালি পায়ে অনেকটা পথ হাঁটতে দেখা গেল তাঁকে।
দলীয় সূত্রের খবর, চন্দ্রকোনা বিধানসভাটি আরামবাগ লোকসভার অন্তর্গত হওয়ায় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে প্রথম সারিতেই ছিলেন সাংসদ মিতালী বাগ। মিছিলটি যখন ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের অভিমুখে এগোচ্ছিল, ঠিক তখনই কর্মী-সমর্থকদের প্রবল ভিড়ে এবং পায়ের চাপে সাংসদের চটি ছিঁড়ে যায়। ভিড়ের তীব্রতায় হারিয়ে যাওয়া চটি খুঁজে পাওয়া আসাম্ভব হয়ে পড়ে। মিছিলের মাঝপথে দাঁড়িয়ে পড়া সম্ভব না হওয়ায় কর্তব্যের টানেই তিনি নগ্নপদে হাঁটার সিদ্ধান্ত নেন।
ঘাটাল মহকুমা শাসকের দপ্তর চত্বরে সাংসদকে খালি পায়ে হাঁটতে দেখে স্বভাবতই এলাকায় কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মিতালী বাগ জানান, কর্মীদের ভিড় ও অত্যধিক চাপে তাঁর চটিটি ছিঁড়ে গিয়েছিল। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ার পরিস্থিতি না থাকায় তিনি ওইভাবেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। এই ঘটনায় তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে তাঁর ধৈর্য ও দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে বিশেষ চর্চা শুরু হয়েছে।
অবশ্য এই বিড়ম্বনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর দ্রুত তাঁর জন্য নতুন চটি কেনা হয়। পরে সেই নতুন চটি পরেই তিনি প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে সাংসদের এই ‘খালি পা’-এ হাঁটার ছবি সামাজিক মাধ্যমেও বেশ নজর কেড়েছে।
